
পদ্মা ব্যারেজসহ ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার নয় প্রকল্প অনুমোদন
মে ১৩, ২০২৬
২৭তম বিসিএসে বাদ পড়া আরো ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
মে ১৩, ২০২৬আসন্ন ঈদুল আজহা সামনে রেখে কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। আজ বুধবার সচিবালয়ে কুরবানি সম্পর্কিত বিষয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে ব্রিফিংকালে এ বিষয়ে জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্ত্রী বলেন, এ বছর গরুর কাঁচা চামড়ার দর ঢাকার ভেতরে প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছর ছিল ৬০ থেকে ৬৫ টাকা। পাশাপাশি ঢাকার বাইরে গরুর কাঁচা চামড়ার প্রতি বর্গফুটের দাম ৫৭ থেকে ৬২ টাকা, যা গত বছর ছিল ৫৫ থেকে ৬০ টাকা। আর সারা দেশে খাসির চামড়ার প্রতি বর্গফুট ২৫-৩০ টাকা এবং সারা দেশে বকরির চামড়ার দাম প্রতি বর্গফুটে ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, কোরবানির ঈদে যেসব পশু জবাই হবে, সেগুলোর চামড়া যেন সঠিকভাবে সংরক্ষিত ও যথাযথভাবে ব্যবহার করা হয়, সেটি নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত সচেতন। তার নির্দেশনায় আমরা একাধিক সমন্বয় সভা করেছি এবং প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি।
তিনি আরো বলেন, আপনাদের মাধ্যমে আমরা এ বার্তাগুলো দেশবাসীর কাছে পৌঁছে দিতে চাই। প্রথমত, কোরবানির পশুর চামড়া যেন সংরক্ষণ জ্ঞানের অভাব বা প্রয়োজনীয় উপকরণের অভাবে নষ্ট না হয়, সে জন্য সরকারিভাবে সারা দেশে লবণ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মাদ্রাসা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে লবণ পৌঁছে দেয়া হবে। দ্বিতীয়ত, কোরবানির পশু কীভাবে জবাই করতে হবে, সে বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের অধীনে দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। হাজার হাজার মাংস ব্যবসায়ী ও কসাইকে এ প্রশিক্ষণ দেয়া হয়েছে। একইভাবে জেলা ও উপজেলা প্রশাসন মাদ্রাসা-সংশ্লিষ্টদের চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, চামড়া সংরক্ষণের জন্য লবণ প্রয়োজন। সরকার বিনামূল্যে সেই লবণ সংশ্লিষ্ট জায়গায় পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছে। পাশাপাশি সচেতনতা তৈরির জন্য টেলিভিশন, ইলেকট্রনিক মিডিয়া, সংবাদপত্র এবং লিফলেট বিতরণের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হবে। তিনি আরো বলেন, ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে সমন্বয় করে দেশের সব মসজিদে জুমার নামাজের পর এবং ঈদের আগে ইমাম সাহেবরা মুসল্লিদের এ বিষয়ে সচেতন করবেন, যেন চামড়া সঠিকভাবে সংরক্ষণ করা হয় এবং যথাযথভাবে ব্যবহার করা হয়।
মন্ত্রী বলেন, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—কোরবানির চামড়া যেন ঠিকমতো সংরক্ষণ করা হয় এবং লবণ মাখানো হয়, সে বিষয়ে স্থানীয় প্রশাসন ঈদের দিন ও ঈদের পরবর্তী সময়েও তদারকি করবে। এ মন্ত্রণালয়ের একাধিক টিম সারাদেশে সক্রিয় থাকবে। পাশাপাশি আমরা মাননীয় সংসদ সদস্যদেরও অনুরোধ জানাব, যেন তারাও এ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন। আমাদের লক্ষ্য, সারা দেশে সমন্বিত উদ্যোগের মাধ্যমে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ করা এবং দেশের এই গুরুত্বপূর্ণ সম্পদ রক্ষা করা।


