
ঢাকার পরিবহন পরিকল্পনায় যুক্ত হচ্ছে মনোরেল, সম্ভাব্য রুট নির্ধারণে হবে সমীক্ষা
মে ২, ২০২৬
এখন পর্যন্ত ৪৫টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে মার্কিন বাহিনী: সেন্টকম
মে ২, ২০২৬প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন তারেক রহমান। আজ শনিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি বলছে, আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। সকাল সাড়ে ১০টায় তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। সকাল ১১টায় নগরের চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশন এলাকার বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসনে নেয়া সাড়ে চার হাজার কোটি টাকার একটি মেগা প্রকল্পের উদ্বোধন ও সুধী সমাবেশে যোগ দেবেন। ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ ওভারসিজ সেন্টার, সিলেট-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাসিয়া খাল (বাসিয়া নদী) খনন কাজের উদ্বোধন করবেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে প্রথম এ খাল উদ্বোধন করেছিলেন। বিকাল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে দেশে নতুন করে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতার উদ্বোধন করবেন তিনি। বিকাল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমীতে দলীয় সভায় অংশগ্রহণ শেষে সন্ধ্যা ৭টার ফ্লাইটে বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন।
প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে এরই মধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট, নজরদারি এবং প্রটোকল অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সফরের সময়সূচি অনুযায়ী প্রতিটি স্থান আগেভাগেই প্রস্তুত রাখা হচ্ছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি রয়েছে।


