নেত্রকোনা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক
এপ্রিল ৪, ২০২৬
নরসিংদীতে জেগে ওঠা চরে বাদামের বাম্পার ফলন লাভের মুখ দেখছেন কৃষক
এপ্রিল ৪, ২০২৬
নেত্রকোনা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক
এপ্রিল ৪, ২০২৬
নরসিংদীতে জেগে ওঠা চরে বাদামের বাম্পার ফলন লাভের মুখ দেখছেন কৃষক
এপ্রিল ৪, ২০২৬

হামের উপসর্গ নিয়ে ১৯ দিনে ৯৪ শিশুর মৃত্যু

সারা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। নতুন করে রাজধানী, ময়মনসিংহ, টাঙ্গাইল, কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরো পাঁচ শিশুর।

এ নিয়ে গত ১৯ দিনে দেশের বিভিন্ন স্থানে ৯৪ শিশুর মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। গতকাল হালনাগাদ এ তথ্য প্রকাশ করা হয়।

বিভিন্ন জেলা হাসপাতালে রোগীর ভিড় বাড়ায় শয্যা সংকট দেখা দিয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। ক্রমবর্ধমান রোগীর চাপ সামাল দিতে স্বাস্থ্যপ্রতিষ্ঠানে কর্মরত সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন রুমী স্বাক্ষরিত গতকাল এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে পরিস্থিতি মোকাবেলায় আগামীকাল থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিলের বিষয়ে অফিস আদেশে বলা হয়, আপৎকালীন সময়ে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা ও হামের ভ্যাকসিন প্রদানের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আওতায় স্বাস্থ্য অধিদপ্তর ও অধিদপ্তরাধীন সব স্বাস্থ্যপ্রতিষ্ঠানে কর্মরত সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের ছুটি (অর্জিত ও নৈমিত্তিক) বাতিল করা হয়েছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৫ হাজার ৭৯২ শিশু হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৯৪৭ শিশু, যার মধ্যে ৪২ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ৫২৭ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে মোট ৯৪ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে এখন পর্যন্ত।

এদিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে আরো এক শিশুর মৃত্যু হয়েছে হামে আক্রান্ত হয়ে, যা সর্বশেষ প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয়ে। বর্তমানে সেখানে ৬৭ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে। স্বজনদের অভিযোগ, রোগীর চাপ বাড়ায় হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসাসেবা পাওয়া যাচ্ছে না।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফরান নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের উপপরিচালক এইচএম আনোয়ারুল ইসলাম জানান, ভর্তির সময় থেকেই শিশুটির অবস্থা সংকটাপন্ন ছিল। বর্তমানে এ হাসপাতালে ৭৮ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি আছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে গতকাল ভোরে ১৩ মাস বয়সী শিশু সাফার মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন আটজনসহ মোট ২৩ শিশু বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরো এক শিশুর। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাতে। বর্তমানে হাসপাতালটিতে ৪৬ শিশু ভর্তি রয়েছে।

হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরো ১৬ শিশু ভর্তি হয়েছে। গতকাল সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নতুন ভর্তি হওয়া ৮৭ শিশুর সবাই চট্টগ্রাম নগরীর বাসিন্দা।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বণিক বার্তাকে জানান, চট্টগ্রামে নতুন করে ১৬ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে নয় শিশু। হাসপাতালগুলো থেকে উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।

হামের সংক্রমণ ঠেকাতে আগামীকাল থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এ কর্মসূচির আওতায় ৬-১৫ মাস বয়সী প্রায় দুই কোটি শিশুকে টিকা দেয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তর দ্রুত শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *