এপ্রিলের জন্য এলএনজির জোগান নিশ্চিত করেছে পেট্রোবাংলা বাড়তি দামে কেনায় চলতি অর্থবছরে ভর্তুকি ছাড়াবে ২০ হাজার কোটি টাকা
মার্চ ২৯, ২০২৬
ইরান যুদ্ধের এক মাস: যুক্তরাষ্ট্রে বাড়ছে অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকি
মার্চ ২৯, ২০২৬
এপ্রিলের জন্য এলএনজির জোগান নিশ্চিত করেছে পেট্রোবাংলা বাড়তি দামে কেনায় চলতি অর্থবছরে ভর্তুকি ছাড়াবে ২০ হাজার কোটি টাকা
মার্চ ২৯, ২০২৬
ইরান যুদ্ধের এক মাস: যুক্তরাষ্ট্রে বাড়ছে অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকি
মার্চ ২৯, ২০২৬

নাফ নদী থেকে ১৩ জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে তিনটি মাছ ধরা নৌকাসহ বাংলাদেশী ১৩ জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে।

গতকাল সকালে শাহপরীর দ্বীপের ঘোলারচর সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ ধরার সময় তাদের ধরে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন সাবরাং ইউনিয়নের ৭ নস্বর ওয়ার্ডের মেম্বার আবদুল মান্নান।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমামুল হাফিজ নাদিম জানান, এখনো জেলে পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে আটক জেলেদের উদ্ধারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

ধরে নিয়ে যাওয়া জেলেদের মধ্যে রয়েছেন মো. মোস্তাফিজুর রহমান (৪০), মো. ফরিদ হোসেন (৩০), মো. রবিউল হাসান (১৭), মো. কালাম (৩০), মো. হোসেন আহমদ (৩৮), মো. মীর কাশেম আলী (৪০), মো. গিয়াস উদ্দিন, মো. সালাউদ্দিন (১৮), মো. মহিউদ্দিন (২২), মো. মলা কালু মিয়া (৫৫), মো. আবু তাহের (৪০), মো. আবদুল খালেক ও মো. জাবের মিয়া (২৪)। তাদের সবার বাড়ি শাহপরীর দ্বীপের মাঝেরপাড়া ও ডাঙ্গারপাড়া গ্রামে বলে জানা গেছে।

স্থানীয় জেলেরা জানান, ভোর ৪টার দিকে কয়েকটি ইঞ্জিনচালিত নৌকা নাফ নদীর মোহনায় মাছ ধরতে যায়। পরে সকাল ৭টার দিকে স্পিডবোট করে এসে আরাকান আর্মির সদস্যরা নৌকাগুলোকে ধাওয়া করে। একপর্যায়ে অস্ত্রের মুখে তিনটি নৌকাসহ ১৩ জন জেলেকে ধরে নিয়ে যায় তারা।

ফিরে আসা কয়েকজন জেলের বরাত দিয়ে শাহপরীর দ্বীপ জেলে সমবায় সমিতির সভাপতি আব্দুল গনি জানান, হঠাৎ করেই আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা ধাওয়া দিয়ে জেলেদের জিম্মি করে ফেলে। এ ঘটনায় নৌকার মালিক ও জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ইউপি সদস্য আবদুল মান্নান বলেন, ‘আরাকান আর্মির এমন কর্মকাণ্ডের কারণে নাফ নদী ও সাগরে মাছ ধরতে যাওয়া এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে জেলে ও ট্রলার মালিকদের জন্য কঠিন পরিস্থিতি সৃষ্টি হবে। আমরা দ্রুত এ সমস্যার সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *