ঢাকার ৬৫ খাল পুনরুদ্ধারে ৫০ হাজার কোটি টাকারও বেশি প্রয়োজন
মার্চ ২৮, ২০২৬
দিনাজপুরে বনভূমি দখলমুক্ত করে বৃক্ষরোপণ
মার্চ ২৮, ২০২৬
ঢাকার ৬৫ খাল পুনরুদ্ধারে ৫০ হাজার কোটি টাকারও বেশি প্রয়োজন
মার্চ ২৮, ২০২৬
দিনাজপুরে বনভূমি দখলমুক্ত করে বৃক্ষরোপণ
মার্চ ২৮, ২০২৬

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চারজনের’

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চারজনের প্রাণহানি হয়েছে।

গতকাল দিনের বিভিন্ন সময় নাটোর, গাজীপুর, যশোরে এসব দুর্ঘটনা ঘটে। এছাড়া ফেনীতে ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত আটজন আহত হয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

নাটোর: জেলার বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কারের চালক নিহত হয়েছেন। গতকাল সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর হোসেন চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার বোয়ালমারী গ্রামের নজরুল ইসলামের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, ঢাকা থেকে মেহেরপুরগামী একটি প্রাইভেট কার বনপাড়া-হাটিকুমরুল থানার মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কার চালক নিহত হন। আহত অবস্থায় আরো দুজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

এছাড়া একই উপজেলার রাজ্জাক মোড় এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সঙ্গে থাকা আরেকজন। গতকাল রাত সাড়ে ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

গাজীপুর: জেলার কালিয়াকৈরে ট্রাকচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহেদা বেগম (৬৫) সিরাজগঞ্জের হরিনাথপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর স্ত্রী।

নাওজোর হাইওয়ে থানার ওসি শওগাত উল আলম জানান, সাহেদা বেগম গাজীপুরের হরিনহাটি এলাকায় ছেলের বাড়িতে বেড়াতে এসেছিলেন। আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

যশোর: জেলার চৌগাছায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। গতকাল বিকালে উপজেলার আমবাতলা এলাকায় যশোর-চৌগাছা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন (৪৫) পাশাপোল আমজামতলা মডেল কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ছিলেন।

চৌগাছা থানার ওসি রেজাউল করিম জানান, যশোর শহর থেকে মোটরসাইকেলে গ্রামে ফিরছিলেন মকবুল হোসেন। আমবাতলা এলাকায় একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেনী: জেলার সিলোনিয়া এলাকায় ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত আটজন আহত হয়েছেন। গতকাল বেলা ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালিদহ ইউনিয়নের সিলোনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দিদার পরিবহনের একটি বাস সিলোনিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের চালক, হেলপারসহ অন্তত আটজন আহত হন। আহতদের মধ্যে চারজন ফেনী শহরের রয়েল হাসপাতালে ও দুজন ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। অন্যরা আশপাশের ফার্মেসি ও বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে নোয়াখালীর বাসিন্দা মো. আরিফ (৩৭), তার স্ত্রী মিনু (২৫) ও সোহাগের (৪৮) নাম জানা গেছে।

ফেনী রয়েল হাসপাতালের অভ্যর্থনা বিভাগে দায়িত্বরত জান্নাত জানান, সড়ক দুর্ঘটনায় আহত চারজন চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে একজনের নাম সোহাগ। অন্যরা নাম পরিচয় উল্লেখ না করেই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।

এ ব্যাপারে মহিপাল হাইওয়ে থানার সার্জেন্ট কাজল কান্তি নাথ জানান, দুর্ঘটনার পর সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যানচলাচল স্বাভাবিক করে। আহতদের বেশির ভাগই সামান্য আঘাত পেয়েছেন। কেউ কেউ কিছুক্ষণ অপেক্ষা করে আবার অন্য বাসে নিজ গন্তব্যে চলে গেছেন। তুলনামূলক যারা বেশি আহত হয়েছেন তারাও চিকিৎসা নিয়ে চলে গেছেন। অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *