রোনালদোর রেকর্ডের পথে বাধা ইভান টনি
মার্চ ১, ২০২৬
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেল ও গ্যাস পরিবহন স্থগিত
মার্চ ১, ২০২৬
রোনালদোর রেকর্ডের পথে বাধা ইভান টনি
মার্চ ১, ২০২৬
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেল ও গ্যাস পরিবহন স্থগিত
মার্চ ১, ২০২৬

১০ কোটি পাউন্ড লোকসান দিয়ে বিপাকে ওয়েস্ট হ্যাম

গত মৌসুমে ১০ কোটি ৪২ লাখ পাউন্ড লোকসান দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ওয়েস্ট হ্যাম ইউনাইটেড।

ফলে আগামী মৌসুমে রেলিগেশন থেকে বাঁচতে ক্লাবটিকে অবশ্যই উল্লেখযোগ্যসংখ্যক খেলোয়াড় বিক্রি করতে হবে বলে জানিয়েছে ‘হ্যামার’রা।

২০২৩-২৪ মৌসুমে ৫ কোটি ৭২ লাখ পাউন্ড মুনাফা করলেও পরের মৌসুমে নাটকীয় পতন ঘটে ওয়েস্ট হ্যামের। ২০২৫ সালের ৩১ মে পর্যন্ত আয়-ব্যয়ের হিসাব কষে দেখা যায়, লন্ডনের ক্লাবটি ১০ কোটি পাউন্ডেরও বেশি লোকসান করেছে।

ওয়েস্ট হ্যাম ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, প্রিমিয়ার লিগে খারাপ ফল করা, টিভি আয় কমে যাওয়া, ইউরোপের কোনো প্রতিযোগিতায় না খেলা আর খেলোয়াড় বিক্রি থেকে আয় কমে যাওয়ার ফলে ক্লাবের টার্নওভার ৪ কোটি ২১ লাখ পাউন্ড কমে ২২ কোটি ৭৬ লাখ পাউন্ডে নেমে যায়।

চলতি মৌসুমে তাদের হিসাবে আরো বিপর্যয় দেখা দিতে পারে। আগামী মৌসুমে তাদের চ্যাম্পিয়নশিপে অবনমনের শঙ্কাও রয়েছে। গতকাল রাতে খেলতে নামার আগ পর্যন্ত প্রিমিয়ার লিগে ১৮তম স্থানে ছিল হ্যামাররা। ১১ ম্যাচ বাকি থাকতে ১৭তম স্থানধারী নটিংহ্যাম ফরেস্টের চেয়ে ২ পয়েন্ট পেছনে ছিল তারা।

হ্যামাররা জানিয়েছে, বেশকিছু খেলোয়াড়কে বিক্রি করতে হবে, নইলে শেয়ারহোল্ডারদের পক্ষ থেকে আরো তহবিল জোগান দিতে হবে। শেয়ারহোল্ডারদের বোর্ড মিটিংয়ের পর এক রিপোর্টে বলা হয়, ‘বোর্ড মিটিংয়ে প্রাথমিকভাবে আরো খেলোয়াড় বিক্রির প্রসঙ্গ উঠে আসে। তাতে যদি যথেষ্ট না হয় তাহলে শেয়ারহোল্ডারদের কাছ থেকে বাড়তি তহবিল প্রয়োজন পড়বে। গ্রুপটি ২০২৬ সালের গ্রীষ্মে তারল্য সংকটের আশঙ্কা করছে।’

চলতি মৌসুমে মাত্র ছয়টি লিগ ম্যাচ জিতেছে ওয়েস্ট হ্যাম, যদিও সর্বশেষ তিন ম্যাচে অপরাজিত নুনো এস্পিরিতোর দল। গতকাল রাতে অ্যানফিল্ডে তারা খেলেছে লিভারপুলের বিপক্ষে।

রেলিগেশন এড়াতে গত জানুয়ারিতে হ্যামাররা পাঁচজন খেলোয়াড় কিনেছে। তাদের মধ্যে অন্যতম ফরওয়ার্ড পাবলো, ভ্যালেন্তিন কাস্তোয়ানোস, অ্যাডামা ট্রাওরে ও ডিফেন্ডার অ্যাক্সেল ডিসাসি। শীতকালীন দলবদলের কারণেই আর্থিকভাবে চাপে পড়েছে হ্যামাররা।

এখন যদি গ্রীষ্মে বেশ কিছু খেলোয়াড়কে বিক্রি না করা হয় তাহলে চলতি মৌসুম শেষে বিরাট লোকসানের মুখে পড়বে লন্ডনের ক্লাবটি।

ওয়েস্ট হ্যাম জানিয়েছে, তারা উয়েফার ‘ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে’ নিয়ম মেনে আসছে এবং ভবিষ্যতেও এটা করে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *