
গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান
ফেব্রুয়ারি ১১, ২০২৬
দেবিদ্বারে নিজ গ্রামের ভোটকেন্দ্রেই ভোট দেবেন হাসনাত আবদুল্লাহ
ফেব্রুয়ারি ১১, ২০২৬দীর্ঘ ৫৪ বছরের প্রচলিত এক সামাজিক রীতি ভেঙে নারী ভোটারদের ভোটকেন্দ্রে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের রূপসা দক্ষিণ ইউনিয়নে নারীদের জন্য আলাদা ও বিশেষ ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। সেখানে নারী ভোটারদের পর্দা ও নিরাপত্তা নিশ্চিত করতে নারী ম্যাজিস্ট্রেটসহ শতভাগ নারী ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।
স্থানীয়ভাবে জানা যায়, ১৯৭০-এর দশকে জৈনপুরের এক পীরের অনুরোধের পর ওই ইউনিয়নের নারীরা ভোটকেন্দ্রে যাওয়া বন্ধ করে দেন। এরপর থেকে পাঁচ দশকের বেশি সময় ধরে সেই প্রথা চলে আসছে। মাঝে মধ্যে দু-একজন নারী ভোট দিতে গেলেও সংখ্যাটি ছিল খুবই কম। তবে দৈনন্দিন জীবনযাত্রায়, এমনকি হাট-বাজারেও এ অঞ্চলের নারীদের স্বাভাবিক উপস্থিতি দেখা যায়।
রূপসা দক্ষিণ ইউনিয়নে বর্তমানে নারী ভোটারের সংখ্যা ১০ হাজার ২৯৯ জন। এই বড় অংশের ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার বিশেষ নির্দেশনা দিয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউনিয়নের ৮টি কেন্দ্রে নারী ভোটারদের জন্য ২০টি বুথ রাখা হয়েছে। এসব বুথে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা থেকে শুরু করে সব পর্যায়ের দায়িত্বে থাকবেন নারীরা।
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার ভিডিপির নারী সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। পুরো ইউনিয়নের ৮টি কেন্দ্র তদারকির জন্য একজন নারী ম্যাজিস্ট্রেটও নিয়োগ করা হয়েছে। পাশাপাশি নির্বাচনে অংশ নেওয়া ৮ জন প্রার্থীকে নারী বুথগুলোতে নারী পোলিং এজেন্ট নিয়োগ দেওয়ার জন্য লিখিত ও মৌখিকভাবে অনুরোধ করা হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া জানিয়েছেন, নারীরা যেন পর্দা রক্ষা করে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারেন, সে জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ বিষয়ে ইউনিয়নে প্রচারণাও চালানো হয়েছে। প্রশাসনের আশা, এবার দীর্ঘদিনের বিরতির পর উল্লেখযোগ্য সংখ্যক নারী ভোটার কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করবেন।


