
অচলাবস্থা কাটাতে ঢাকা আসছে আইসিসির প্রতিনিধি দল
জানুয়ারি ১৭, ২০২৬
সারা দেশে ৫৬ জন নির্বাচনী পর্যবেক্ষক মোতায়েন করল ইইউ
জানুয়ারি ১৮, ২০২৬বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল দুপুরের ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল চট্টগ্রাম রয়্যালস। যদিও রাতের ম্যাচে সিলেট টাইটানসকে ৫ রানে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে রাজশাহী ওয়ারিয়র্স।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল দুপুরের ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল চট্টগ্রাম রয়্যালস। যদিও রাতের ম্যাচে সিলেট টাইটানসকে ৫ রানে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে রাজশাহী ওয়ারিয়র্স। ৯ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে চট্টগ্রাম।
রাজশাহীর জয়ের নায়ক পেস বোলার রিপন মণ্ডল। আগে ব্যাট করে ৮ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে রাজশাহী। মুশফিকুর রহিম ৩০ বলে ৪০ রান করেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ২১ বলে ৩৪ রান। নাসুম আহমেদ ও শহিদুল ইসলাম দুটি করে উইকেট নেন।
জবাব দিতে নেমে রিপন মণ্ডলের তোপের মুখে ৯ উইকেটে ১৪২ রান তুলতে সমর্থ হয় সিলেট। ৩৪ রানে ৪ উইকেট নেন তিনি। এছাড়া ২০ রানে ২ উইকেট নেন বিনুরা ফার্নান্দো। পাশাপাশি দুটি ক্যাচও নেন রিপন।
এর আগে দীর্ঘদেহী পেসার শরিফুল ইসলামের আগুনে বোলিংয়ে ভর করে নোয়াখালীকে হারায় চট্টগ্রাম। ৯ রানে ৫ উইকেট শিকার করে তিনি রেকর্ড গড়েন। বাংলাদেশী পেসারদের মধ্যে বিপিএলের সবচেয়ে কম রানে ৫ উইকেট নেন তিনি। আগের রেকর্ডটি ছিল আবু হায়দারের। ২০২৪ সালে ফরচুন বরিশালের বিপক্ষে রংপুরের হয়ে ১২ রান দিয়ে ৫ উইকেট পেয়েছিলেন তিনি।
এছাড়া বিপিএলের ইতিহাসের সেরা বোলিং ফিগারটা বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের। গত বছর দুর্বার রাজশাহীর হয়ে ১৯ রানে ৭ উইকেট পেয়েছিলেন তাসকিন।
গতকাল শেরেবাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে নোয়াখালীকে ৫ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায় চট্টগ্রাম রয়্যালস। শরিফুল ও স্পিনার মেহেদী হাসানের দুর্দান্ত বোলিং অল্প রানে আটকে দেয় নোয়াখালীকে, যারা সিলেটে সর্বশেষ দুটি ম্যাচেই টানা জিতেছে। গতকাল তারা সুবিধা করতে পারেনি। শরিফুল পাঁচটি ও মেহেদী ১২ রানে তিনটি উইকেট নিয়ে ১২৬ রানে নোয়াখালীকে অলআউট করে দেন। নোয়াখালীর হাসান ইসাখিল ২০ বলে ২৫, জাকের আলী ২২ বলে ২৩ ও সাব্বির হোসেন ১৯ বলে ২২ রান করেন।
জবাব দিতে নেমে চট্টগ্রাম ২৯ রানে ৪ উইকেট হারালেও অধিনায়ক মেহেদী হাসান (৩৬ বলে ৪৯*) ও আসিফ আলীর (৩০ বলে ৩৬*) ব্যাটে ভর করে শেষ পর্যন্ত সহজ জয় পায়। ৪৫ বলে ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে চট্টগ্রামকে জেতান মেহেদী ও আসিফ। ম্যাচসেরা হয়েছেন শরিফুল।
আজ দুপুরে ঢাকা ক্যাপিটালস খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে, সন্ধ্যায় মুখোমুখি হবে টেবিলের দুই শীর্ষ দল রাজশাহী ও চট্টগ্রাম।


