
১৪৬ চীনা শিল্পপণ্যে বাড়ল মার্কিন শুল্ক ছাড়ের মেয়াদ
নভেম্বর ২৮, ২০২৫
১৫টি ওষুধের দাম কমাবে যুক্তরাষ্ট্রের মেডিকেয়ার
নভেম্বর ২৮, ২০২৫চিকিৎসা নিয়ে বিল পরিশোধ না করেই জাপান থেকে চলে যাওয়া আন্তর্জাতিক ভ্রমণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে দেশটির সরকার।
চিকিৎসা নিয়ে বিল পরিশোধ না করেই জাপান থেকে চলে যাওয়া আন্তর্জাতিক ভ্রমণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে দেশটির সরকার। বর্তমানে যেসব বিদেশী ভ্রমণকারীর ২ লাখ ইয়েন বা ১ হাজার ৩০০ ডলারের সমপরিমাণ বা তার বেশি চিকিৎসা বিল বাকি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। শিগগিরই এ কড়াকড়ি আরো সম্প্রসারণ হতে যাচ্ছে। খবর নিক্কেই এশিয়া।
চিকিৎসা বিল বাকি রয়েছে এমন বিদেশীদের নাম জাপানে একটি ডাটাবেজে অন্তর্ভুক্ত থাকে। ওই ব্যক্তি পুনরায় জাপানে প্রবেশের সময় কঠোর তদারকির মুখোমুখি হন। সর্বোচ্চ পর্যায়ে ওই ব্যক্তির জাপানে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়।
টোকিও জানিয়েছে, আগামী বছর থেকে বকেয়া চিকিৎসা বিলের সীমা আরো কমিয়ে ১০ হাজার ইয়েন বা প্রায় ৬৫ ডলারের সমপরিমাণ করার বিষয়ে ভাবা হচ্ছে। এরই মধ্যে এ পরিকল্পনার কথা ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) বিদেশী নাগরিকবিষয়ক নীতিনির্ধারণী কমিটিকে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।
জাপান ভ্রমণে আসা বিদেশীদের এমন অনেক ঘটনা রয়েছে, যেখানে তারা দেশটিতে চিকিৎসাসেবা নেয়ার পর বিল পরিশোধ না করেই চলে গেছেন।
চিকিৎসাসেবা প্রদানকারীদের কাছ থেকে ২ লাখ ইয়েন বা তার বেশি বকেয়া বিল থাকা বিদেশী রোগীদের তথ্য সংগ্রহ করে জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণবিষয়ক মন্ত্রণালয় (এমএইচএলডব্লিউ)। এরপর তাদের নাম একটি ডাটাবেজে নিবন্ধন করা হয়। এসব তথ্য ইমিগ্রেশন সার্ভিসেস এজেন্সির সঙ্গে ভাগাভাগি করা হয়। এ ভিত্তিতে বিল পরিশোধ না করা বিদেশীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।
এছাড়া কর ও সামাজিক বীমা প্রিমিয়াম বকেয়া থাকা বিদেশী বাসিন্দাদের তথ্য ভাগাভাগির জন্য একটি নতুন ব্যবস্থা চালু করার পরিকল্পনা করছে জাপানের ইমিগ্রেশন সার্ভিসেস এজেন্সি ও স্বাস্থ্য মন্ত্রণালয়। কর ও সামাজিক বীমা প্রিমিয়াম পরিশোধ না করলে তা ভবিষ্যতে বাসিন্দা মর্যাদা বা ভিসা নবায়নকে প্রভাবিত করতে পারে।
জাতীয় স্বাস্থ্য বীমার বকেয়া প্রিমিয়ামের তথ্যও মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার মধ্যে ভাগাভাগি হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালিত ১৫০টি পৌরসভার এক জরিপ অনুযায়ী, জাপানে বসবাসকারী বিদেশীদের মধ্যে মাত্র ৬৩ শতাংশ জাতীয় স্বাস্থ্য বীমার প্রিমিয়াম পরিশোধ করেছেন, যেখানে দেশী ও বিদেশী সম্মিলিতভাবে কর পরিশোধের হার ছিল ৯৩ শতাংশ।
জাপানে তিন মাসের বেশি থাকার অনুমতি পাওয়া যেকোনো বিদেশীর জাতীয় স্বাস্থ্য বীমায় নিবন্ধন বাধ্যতামূলক। এক্ষেত্রে নিয়োগকর্তা যদি স্বাস্থ্য বীমার সুবিধা না দেন, তাহলে নিজেদেরই নিবন্ধন করতে হবে।
বিদেশী নাগরিক-সংক্রান্ত সার্বিক তত্ত্বাবধানে মন্ত্রিপরিষদ পর্যায়ের একটি কাউন্সিল গঠন করেছে জাপান সরকার। কাউন্সিলকে জানুয়ারির মধ্যে নীতিপ্রণয়ন করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এর আওতায় অবৈধ অবস্থান কঠোরভাবে নিয়ন্ত্রণের পাশাপাশি বিদেশীদের জমি অধিগ্রহণের নিয়মও আরো কঠোর করা হবে বলে জানা গেছে।


