
আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা
নভেম্বর ১৩, ২০২৫
মেট্রো কর্তৃপক্ষের কাছে নেই বাড়তি বিয়ারিং প্যাড, দুর্ঘটনা ঘটলে প্রতিস্থাপন নিয়ে শঙ্কা
নভেম্বর ১৩, ২০২৫জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি ও উত্তেজনার মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি ও উত্তেজনার মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল এক বার্তায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়।
প্রেস উইংয়ের বার্তায় বলা হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করবে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ঐকমত্যে পৌঁছানো একগুচ্ছ সংস্কার প্রস্তাবের ভিত্তিতে ১৭ অক্টোবর ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’-এ স্বাক্ষর করে ২৫ রাজনৈতিক দল। পাশাপাশি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা এ দলিলে সই করেন। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন কীভাবে হবে, সে বিষয়ে বিস্তারিত সুপারিশমালা গত ২৮ অক্টোবর প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করে জাতীয় ঐকমত্য কমিশন।
এর মধ্যে গণভোটের বিষয়ে কোনো সিদ্ধান্ত না দিয়ে ঐকমত্য কমিশনের সুপারিশে বলা হয়, সেটা সংসদ নির্বাচনের দিনেও হতে পারে, নির্বাচনের আগেও হতে পারে। কমিশনের এমন সুপারিশের কারণে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব পড়ে অন্তর্বর্তী সরকারের ঘাড়ে। কিন্তু সরকার কোনো সিদ্ধান্ত না দিয়ে দলগুলোকে সমঝোতায় আসার আহ্বান জানায়। সময় দেয়া হয় এক সপ্তাহ। সেই সঙ্গে এও বলা হয়, যদি রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিতে না পারে তাহলে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে।
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে গণভোট কবে হবে, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে। বিএনপি চায় ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট হোক। অন্যদিকে জামায়াতসহ আট দল নভেম্বরেই গণভোটের দাবিতে আন্দোলন করছে।
এদিকে সচিবালয়ে গত সোমবার এক ব্রিফিংয়ে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে দলগুলোকে সিদ্ধান্ত নেয়ার সময় দেয় সরকার। কিন্তু কোনো সিদ্ধান্ত আসেনি। দলগুলো যেহেতু সাতদিনের মধ্যে আলোচনায় বসেনি এবং মতৈক্যে পৌঁছতে পারেনি, তাই সরকার নিজ থেকেই এ বিষয়ে একটি সিদ্ধান্ত নেবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলও গত মঙ্গলবার একই বার্তা দেন।


