হাসপাতাল থেকে ছাড়া পেলেন শ্রেয়াস
নভেম্বর ২, ২০২৫
আগামী বছর বিশ্ব ইজতেমা নির্বাচনের পর: ধর্ম উপদেষ্টা
নভেম্বর ২, ২০২৫
হাসপাতাল থেকে ছাড়া পেলেন শ্রেয়াস
নভেম্বর ২, ২০২৫
আগামী বছর বিশ্ব ইজতেমা নির্বাচনের পর: ধর্ম উপদেষ্টা
নভেম্বর ২, ২০২৫

নারী ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল আজ প্রথম শিরোপার খোঁজে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা

আট দলের ত্রয়োদশ নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ মাঠে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা।

আট দলের ত্রয়োদশ নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ মাঠে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। নাভি মুম্বাইতে অনুষ্ঠেয় এ ফাইনালে অংশ নেয়া দুই দলের কেউই আগে বিশ্বকাপ জেতেনি। ভারতের এটা তৃতীয় ফাইনাল হলেও দক্ষিণ আফ্রিকার প্রথম। নারী ওয়ানডেতে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন নির্ধারণের এ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।

দুই সেরা দলকে হারিয়ে ফাইনালে এসেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। আগের ১২ আসরের মধ্যে ১১ বারই শিরোপা জিতে নিয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। অস্ট্রেলিয়া সাতবার ও ইংল্যান্ড চারবার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এবার সেমিতেই বিদায় ঘটে দুই পরাশক্তির। নাভি মুম্বাইতে অস্ট্রেলিয়ার ছুড়ে দেয়া ৩৩৯ রানের বিশাল টার্গেট তাড়া করে জিতেছে ভারত। জেমিমা রদ্রিগেজ ১২৭ রানের হার না মানা ইনিংস খেলে ভারতকে অবিশ্বাস্য জয় এনে দেন। ২০০৫ সালে সেঞ্চুরিয়ন ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ও ২০১৭ সালের লর্ডস ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের কাছে হেরে যায় ভারত। তৃতীয়বারের চেষ্টায় কি শিরোপা হাতে নিতে পারবেন স্মৃতি মান্ধানা, হারমানপ্রিত কাউরের দল?

দক্ষিণ আফ্রিকার মেয়েদের ফাইনাল খেলার অভিজ্ঞতাই নেই। আজই প্রথম বিশ্বকাপ ফাইনালে নামছেন লরা উলভার্টের দল। দলনায়ক উলভার্টই সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে ফাইনালে তুলে এনেছেন। আসামের গুয়াহাটিতে ১৪৩ বলে ১৬৯ রানের অনবদ্য এক ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে ৩১৭ রানের বড় পুঁজি এনে দেন উলভার্ট। জবাবে ইংলিশ নারীরা ১৯৪ রানে গুটিয়ে গেছে।

সেমিফাইনালে প্রতাপ দেখালেও টুর্নামেন্টে মিশ্র পারফরম্যান্স প্রদর্শন করে প্রোটিয়া নারীরা। গ্রুপ পর্বে তারা টানা পাঁচ জয়ে সেমিফাইনালে ওঠে। যদিও গ্রুপ পর্বের শুরু আর শেষটা তারা ভুলে যেতে চাইবে। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে দুই সেরা দলের হাতে বিধ্বস্ত হয়েছেন উলভার্ট ও তার সতীর্থরা। টুর্নামেন্ট শুরু হয় তাদের লজ্জা দিয়ে। গুয়াহাটিতে তাদের মাত্র ৬৯ রানে অলআউট করে দিয়ে ২১৫ বল হাতে রেখে ১০ উইকেটের জয় পায় ইংল্যান্ড। আবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাভি মুম্বাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হয়ে যায় প্রোটিয়া নারীরা। অ্যালিসা হিলির দল এরপর ১৯৯ বল হাতে রেখে ৭ উইকেটে হারিয়ে দেয় দক্ষিণ আফ্রিকাকে। স্পিনার অ্যালানা কিং ১৮ রানে ৭ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে জেতান।

গুয়াহাটিতে হারের প্রতিশোধ গুয়াহাটিতেই নিয়েছে প্রোটিয়ারা। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে এখানে ইংল্যান্ডের কাছে খড়কুটোর মতো উড়ে যাওয়া প্রোটিয়ারা সেমিতে সেই দলটিকে দাপটে হারায়। যে মাঠে গোটা দক্ষিণ আফ্রিকা দল ৬৯ রানে গুটিয়ে যায়, সেখানেই ১৬৯ রান করলেন অধিনায়ক উলভার্ট একাই। তাদের তিনশোর্ধ্ব রান তাড়া করতে নেমে দুইশ রানও করতে পারেনি ইংলিশ নারীরা।

এভাবেই রূপকথা লিখে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। তারা কি পারবে নাভি মুম্বাইয়ের গ্যালারির ৩০ হাজার দর্শকের গর্জন থামিয়ে দিতে, পারবে কি আত্মবিশ্বাসী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পরতে?

ভারতও বেশ কাঠখড় পুড়িয়ে ফাইনালে এসেছে। তাদের তো সেমিফাইনালে ওঠাই ছিল অনিশ্চিত। পয়েন্ট টেবিলে তাদের ওপরের তিনটি দলের কাউকেই হারাতে পারেনি ভারত! এর পরও সেমিফাইনালে অভাবনীয় পারফরম্যান্সে তারা হারিয়ে দেয় নারী ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়াকে। ওই জয়ে এখন ফাইনালেও ফেভারিট হিসেবে খেলতে নামছে হারমানপ্রিতের দল।

বিশ্বকাপে সর্বশেষ তিনবারের দেখায় প্রতিবার জিতেছে দক্ষিণ আফ্রিকা। যদিও ১৯৯৭ থেকে শুরু করে এখন পর্যন্ত ৩৪ বারের মোকাবেলায় ভারত ২০টি জয় নিয়ে এগিয়ে রয়েছে, দক্ষিণ আফ্রিকা জিতেছে ১৩ ম্যাচ। চলতি বিশ্বকাপেও গ্রুপ পর্বের দেখায় জয় পেয়েছে প্রোটিয়ারা। ভালো শুরুর পরও মাঝে ১৭ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারত। সেখান থেকে ৭৭ বলে ৯৪ রানের বিস্ফোরক ইনিংস খেলে ভারতকে ২৫১ রানের পুঁজি এনে দেন রিচা ঘোষ। অবশ্য রিচার বীরত্ব বিফল করে দক্ষিণ আফ্রিকাকে জেতান নাদিনে ডি ক্লার্ক। ৫৪ বলে ৮৪ রান করেন তিনি। এছাড়া উলভার্ট ১১১ বলে ৭০ ও চোলে ট্রায়ন ৬৬ বলে ৪৯ রান করেন। এই হারের আগে অবশ্য ২০২৪ ও ২০২৫ সালে টানা চারটি ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে হারানোর কৃতিত্ব দেখায় ভারতের মেয়েরা।

আজ লড়াই হবে ভারতের টপ অর্ডার বনাম দক্ষিণ আফ্রিকার টপ অর্ডারের মধ্যে। টপ অর্ডারে ভারতের আছে স্মৃতি মান্ধানা, আর দক্ষিণ আফ্রিকার উলভার্ট। এক বিশ্বকাপ আসরে সর্বোচ্চ রান করতে উলভার্টের প্রয়োজন আর ৪০ রান। আজ ৪০ রান করলেই তিনি অ্যালিসা হিলির (৫০৯) রেকর্ড ভেঙে দেবেন। এদিকে উলভার্ট, নাদিনে ডি ক্লার্ক, চোলে ট্রায়নরা মিলে চলতি আসরে সর্বোচ্চ ৩১টি ছক্কা মেরেছেন। এটাই প্রমাণ করে কতটা বিস্ফোরক ব্যাটিং করেছেন তারা। এ দলটাকে আজ সামলানোর চ্যালেঞ্জ ভারতীয়দের সামনে।

আধুনিক নারী ক্রিকেটে ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ মানেই রোমাঞ্চকর লড়াই। হেড-টু-হেডে ভারত এগিয়ে থাকলেও দক্ষিণ আফ্রিকার সর্বশেষ জয় প্রমাণ করে যে তারা চাপের মুখেও ভালো করতে সক্ষম। দুর্দান্ত সেমিফাইনাল উপহার দেয়ার পর দুই দলের কাছেই সমর্থকদের প্রত্যাশা যেন বহুগুণ বেড়ে গেছে। আজ কোন দল হাসবে শেষ হাসি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *