দেশের প্রায় ১৯% প্রাপ্তবয়স্ক ভুগছেন মানসিক রোগে
অক্টোবর ১০, ২০২৫
বিপুল ব্যয়ে নির্মিত মহাসড়কে বাড়ছে খানাখন্দ সংস্কারে ধীরগতি
অক্টোবর ১০, ২০২৫
দেশের প্রায় ১৯% প্রাপ্তবয়স্ক ভুগছেন মানসিক রোগে
অক্টোবর ১০, ২০২৫
বিপুল ব্যয়ে নির্মিত মহাসড়কে বাড়ছে খানাখন্দ সংস্কারে ধীরগতি
অক্টোবর ১০, ২০২৫

ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে রাখা হয়েছে শহিদুল আলমদের

গাজাগামী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র একটি জাহাজ থেকে আটক আলোকচিত্রী শহিদুল আলমসহ সব অধিকারকর্মীকে ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়েছে।

গাজাগামী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র একটি জাহাজ থেকে আটক আলোকচিত্রী শহিদুল আলমসহ সব অধিকারকর্মীকে ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়েছে। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ও ইসরায়েলে আরব সংখ্যালঘুদের নিয়ে কাজ করা মানবাধিকার সংস্থা ‘আদালাহ’র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে শহিদুল আলমের প্রতিষ্ঠান দৃক।

দৃক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আলোকচিত্রী শহিদুল আলমসহ ফ্রিডম ফ্লোটিলা নৌবহরের সব সাংবাদিক, স্বাস্থ্যসেবাকর্মী, মানবাধিকারকর্মী ও জাহাজের নাবিকদের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়। সেখানে আইনি প্রক্রিয়া শেষে তাদের ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়েছে। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ও আদালাহ—দ্য লিগ্যাল সেন্টার ফর আরব মাইনরিটি রাইটস ইন ইসরায়েলের (যারা অপহৃত ফ্রিডম ফ্লোটিলা অ্যাক্টিভিস্টদের হয়ে আইনি লড়াই চালিয়ে আসছে) মাধ্যমে দৃক এ তথ্য জেনেছে। ফ্লোটিলার অধিকারকর্মীরা আদালাহর আইনজীবীদের জানিয়েছেন, জাহাজ দখল নেয়ার পর থেকে তারা ইসরায়েলের দখলদার বাহিনীর নানা সহিংসতার শিকার হয়েছেন।

 

কেৎজিয়েত কারাগার ইসরায়েলের সবচেয়ে বড় আটক কেন্দ্র। এটা নেগেভ মরুভূমিতে অবস্থিত। এখানে আটক ফিলিস্তিনিদের ওপর ব্যাপকভাবে নির্যাতন-নিপীড়ন চালানো হয় বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়।

এ নৌবহরে আটটি নৌযান অংশ নিয়েছিল থাউজ্যান্ড ম্যাডলিনস টু গাজা প্লাটফর্ম থেকে। থাউজ্যান্ড ম্যাডলিনস টু গাজা গতকাল বিকালে এক ফেসবুক পোস্টে বলেছে, ইসরায়েল বেআইনিভাবে ফ্লোটিলা থেকে ১৪৫ জনকে অপহরণ করেছে। তাদের অনেককে কেৎজিয়েত কারাগারে নিপীড়নমূলক পরিস্থিতিতে রাখা হয়েছে। সেখানে তাদের মারধর, অপদস্থ ও জুলুম করা হয়েছে। আদালাহর আইনজীবীরা এসব তথ্য নিশ্চিত করেছেন। ফ্রান্স, বেলজিয়াম ও আয়ারল্যান্ডের বেশ কয়েকজন পার্লামেন্ট সদস্যকে এরই মধ্যে ইসরায়েল থেকে পাঠিয়ে দেয়া হয়েছে বলেও জানিয়েছে থাউজ্যান্ড ম্যাডলিনস টু গাজা।

এর আগে গত সপ্তাহে গাজা অভিমুখী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ৪২টি নৌযান থেকে ৪৭৯ জনকে আটক করে ইসরায়েল। তাদের মধ্যে সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গও ছিলেন। কয়েক ধাপে তাদের অধিকাংশকে ফেরত পাঠিয়েছে ইসরায়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *